দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূচি অনুযায়ী, ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সুপার সিরিজ খেলে আসা একটি দল।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৬ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে তারা।
গ্রুপপর্বে বাংলাদেশের চতুর্থ ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৩ অক্টোবর সুপার সিরিজ খেলে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং সুপার সিরিজে খেলে আসা একটি দল।
৭ অক্টোবর কেপটাউনে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। গত বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এবারের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে।



