৩ দিনের রিমান্ডে সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বরস্থ নিউ গিনি প্রপার্টিজের স্থাপনায় হামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর জেহাদ হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান বাবুল রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে ঢাকার বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও আবুল কালাম খান রিমান্ড বাতিল করে জামিন চান।

আদালতে আনোয়ার জাহিদ ভূঁইয়া বলেন, ‘নিউ গিনি প্রপার্টিজ ভূমিদস্যু। তারা চলাচলের রাস্তাও দখল করে নেয়। এটা একটা পরিকল্পিত মামলা। তাকে ৪ নং আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, পারভেজ নামে একজনের পকেট থেকে ৭ হাজার টাকা নিয়ে গেছেন। তিনি একজন সাবেক মেজর জেনারেল, ডাক্তার মানুষ। আর তিনি ৭ হাজার টাকা নিয়ে যাবেন। মিথ্যা অভিযোগে মামলা। রিমান্ড বাতিল করে জামিন চাইছি।’

আবুল কালাম খান বলেন,‘তিনি ঘটনাস্থলে ছিলেন না। মিরপুর সরকারি ডেন্টাল হাসপাতালের ছাত্রদলের জিএস ছিলেন। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে কর্মরত। তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।’

এর আগে বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এরআগে এদিন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিন জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। গত বুধবার মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে গত ২৬ সেপ্টেম্বর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম দেওয়া হয়েছে। পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩