পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন মিথিলা

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে উন্নয়ন সংস্থায়ও কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন এই অভিনেত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বলেও জানিয়েছেন মিথিলা।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে রাফিয়াথ রশিদ মিথিলা বলেন, “আমার পেশাগত জীবনে এক নতুন অধ্যায়ে পা দিচ্ছি। ব্র্যাকের সাথে দুই দশকের অভিজ্ঞতা অর্জনের পর—যার মধ্যে ১৫ বছরই কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে। এবার একটা নতুন প্রফেশনাল জার্নি শুরু করছি।”

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ‘সহযোগী গবেষণা বিজ্ঞানী’ হিসেবে যোগ দেওয়ার তথ্য জানিয়ে রাফিয়াথ রশিদ মিথিলা বলেন, “আমি কলাম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট বা ‘সহযোগী গবেষণা বিজ্ঞানী’ হিসেবে জয়েন করছি আজ থেকে।”

কাজের পরিধি ব্যাখ্যা করে রাফিয়াথ রশিদ মিথিলা বলেন, “এখানে আমার কাজ হবে নিউ ইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন এবং মূল্যায়নে নেতৃত্ব দেওয়া। এই উদ্যোগ, প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে; যেখানে একদম ছোট বাচ্চাদের (জন্ম থেকে পাঁচ বছর বয়স) পরিবারগুলোকে তাদের বেড়ে ওঠার জন্য দরকারি সব সুযোগ-সুবিধা আর পরিবেশের সাথে যুক্ত করা হয়। স্থানীয় মানুষের চাহিদার সাথে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটাতে এবং ডেটা ও প্রমাণ তৈরির মাধ্যমে এই কার্যক্রমকে আরো এগিয়ে নিতে আমার গ্লোবাল এক্সপেরিয়েন্সকে কলাম্বিয়ায় কাজে লাগাতে পারব বলে আশা করছি।”

অন্য একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা। এ বিষয়ে তিনি বলেন, “আমি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছি। আমি সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছি, যেখানে শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কাজের ধারণার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।”

কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দোয়া প্রার্থনা করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। তিনি বলেন, “আমার এই প্রফেশনাল জার্নির জন্য ব্র্যাকের কাছে মনেপ্রাণে কৃতজ্ঞ। কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা রিসার্চ ইনফাস্ট্রাকচার ও মেধাবী গবেষকদের টিমের সাথে কাজ করতে পারা, আশা করি আমার কর্ম অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩