নয়াদিল্লিস্থ রোমানিয়ার দূতাবাস আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় কনস্যুলার মোবাইল মিশন পরিচালনার মাধ্যমে ভিসা সেবা দেবে। আজ শুক্রবার দিল্লির রোমানিয়া দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অবস্থিত আনক্লজ ভবনে এ কনস্যুলার কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ মোবাইল কনস্যুলার মিশনের মাধ্যমে মূলত শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার সেবায়ও সহায়তা করা হবে।
তবে কনস্যুলার মিশনে ভিসা আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট শর্তের কথা জানিয়েছে রোমানিয়ার দূতাবাস। শুধু রোমানিয়ার সরকারি ই-ভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়তা পাওয়া আবেদনকারীদের কাছ থেকেই আবেদন গ্রহণ করা হবে। যেসব আবেদনকারী ই-ভিজা (eViza) পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি, তারা এই মোবাইল কনস্যুলার মিশনের সময় ভিসার আবেদন জমা দিতে পারবেন না।
আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন ভালোভাবে যাচাই করার পাশাপাশি নির্ধারিত সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে দূতাবাস।
রোমানিয়ার দূতাবাস জানিয়েছে, কনস্যুলার মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং কোনো ধরনের বিভ্রান্তি এড়াতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।



