মাঝ আকাশে ১৭০ যাত্রীর জীবন রক্ষার লড়াই অভিজ্ঞতা কথা জানালেন পাইলট

মাঝ আকাশে ১৭০ যাত্রীর জীবন রক্ষার লড়াই অভিজ্ঞতা কথা জানালেন পাইলট

মাঝ আকাশে হামলার পর নিজের জীবন বাঁচানোর পাশাপাশি উড়োজাহাজে থাকা ১৭০ যাত্রীর জীবন রক্ষার জন্য কীভাবে লড়াই করেছিলেন, সেই অভিজ্ঞতা জানিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তিনি ওই ঘটনার বর্ণনা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন স্মিত মাচ্ছার ভিডিও কলে মোদির সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, হামলার পর গুরুতর আহত হয়ে মেঝেতে পড়ে গিয়েছিলেন তিনি। তখনই বুঝতে পারেন, উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে।

স্মিত মাচ্ছার বলেন, ‘আমি নিজের জীবনের জন্য লড়াই করছিলাম। কিন্তু একপর্যায়ে বুঝতে পারলাম, আমি যদি উঠে দাঁড়াতে না পারি, তাহলে যাত্রীরা মারা যাবেন।’

তিনি জানান, প্রায় ১৭ বছর ধরে তিনি উড়োজাহাজ চালাচ্ছেন এবং গত ১১ বছর ধরে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে চোখ বন্ধ করেও উড়োজাহাজের পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে পারছিলেন। সেই অভিজ্ঞতাই সংকটের মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

ঘটনাটি ঘটে গত বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটিতে মোট ১৭৪ জন ছিলেন। এর মধ্যে ১৭০ জন যাত্রী ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় ওমানি সহকারী পাইলট ক্যাপ্টেন মাচ্ছারের ওপর হামলা চালান। তাকে ছুরিকাঘাত করে ককপিটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। অল্প সময়ের মধ্যে এটি প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়।

গুরুতর আহত অবস্থায় মাচ্ছার ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর কয়েকজন যাত্রী ও ক্রু ককপিটে ঢুকে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন। পরে উড়োজাহাজে থাকা বিকল্প ক্রুরা এর নিয়ন্ত্রণ নেন এবং সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।

মোদির সঙ্গে কথোপকথনের সময় সংকটের মুহূর্তে নিজের মানসিক শক্তির কথাও জানান মাচ্ছার। তিনি বলেন, কঠিন পরিস্থিতিতে তিনি ‘হনুমান চালিশা’ পাঠ করেন। ওই ঘটনার সময়ও তিনি তা পাঠ করছিলেন।

মাচ্ছার বলেন, ‘যখনই কোনো সমস্যায় পড়ি, আমি হনুমান চালিশা পাঠ করি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাচ্ছারের সাহস, উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রশংসা করেন। তিনি বলেন, গুরুতর আহত হওয়ার পরও নিজের জীবনের চেয়ে যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন মাচ্ছার।

মোদির সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মাচ্ছার। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগকে নিজের জন্য বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

ঘটনার পর আহত মাচ্ছারকে সৌদি আরবের তাবুকের হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আবুধাবিতে স্থানান্তর করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তার শরীরের বিভিন্ন অংশ, বুক ও ওপরের পেটে আঘাত রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

উড়োজাহাজে হামলার ঘটনায় ওমানি সহকারী পাইলটকে সৌদি কর্তৃপক্ষ হেফাজতে নিয়েছে। হামলার উদ্দেশ্য ও ঘটনার পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

ক্যাপ্টেন স্মিত মাচ্ছার এর আগে প্রায় ১১ বছর ভারতের স্পাইসজেটে কাজ করেছেন। ২০২২ সালের জুনে তিনি ফ্লাইদুবাইয়ে যোগ দেন এবং বোয়িং ৭৩৭-এর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩