সিলেটে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে অত্যাধুনিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের ষষ্ঠ তলায় নবনির্মিত আইসিইউ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. মতিন, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুম, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুক্তাবিস উন নূরসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংকটাপন্ন ও মুমূর্ষু রোগীদের দ্রুত ও নিবিড় সেবা দিতেই এই ইউনিট চালু করা হয়েছে। আইসিইউটি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহসিন উর রহমান মামুনের তত্ত্বাবধানে প্রশিক্ষিত চিকিৎসকদের দ্বারা পরিচালিত হবে।
নতুন আইসিইউতে থাকছে মেকানিক্যাল ভেন্টিলেশন, নন-ইনভেসিভ ভেন্টিলেশন (NIV), হাই-ফ্লো অক্সিজেন থেরাপি, সেপসিস ও শক ম্যানেজমেন্ট, তীব্র শ্বাসকষ্ট ও হার্ট ফেইলিউরের নিবিড় পরিচর্যা, পয়েন্ট-অব-কেয়ার আলট্রাসাউন্ড (POCUS), ইনভেসিভ হেমোডাইনামিক মনিটরিং এবং জরুরি ডায়ালাইসিস সুবিধা।
কর্তৃপক্ষ জানায়, ‘আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার’ নিয়ে সিলেটের মানুষ যাতে উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের সমন্বয়ে আইসিইউটি সিলেটে জরুরি চিকিৎসার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।



