স্বপ্নের আমেরিকা সফর -২
বিদেশ ভ্রমণের জন্য ভিসা প্রাপ্তির পর প্রথম কাজ বিমান টিকেট করা। আমার দিনক্ষণ ও রুট (ঢাকা-নিউইয়র্ক, লন্ডন -ঢাকা) দিয়ে সংশ্লিষ্ট নানান জনের কাছে ইকোনমি রেট দেয়ার জন্য বললে ১ লক্ষ ২৫ হাজার টাকায় ১ অক্টোবর ২০২৬ রাত সাড়ে নয়টার ইত্তেহাদ এয়ারলাইনসের টিকেট সরবরাহ করেন ঢাকার এস,এস ইন্টারন্যাশনালের মোহাম্মদ ইয়াহিয়া। ২ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে ঢাকার বাংলামোটরে গিয়ে সহকর্মী মোঃ জহুরুল হক ও মোহাম্মদ আলী আকতার নগদ টাকা দিয়ে আমার পক্ষ থেকে বিমান টিকেট সংগ্রহ করেন। ইয়াহিয়া’র ( +880 1311-069014) সাথে পরিচয় ফেইসবুকে, কম দামে এয়ার টিকেট দিতে তাঁরা আপ্রাণ চেষ্টা করে। ২০২২ সালেও ইউরোপ সফরে ফেইসবুক থেকে সিন্দবাদ ট্রেভেলসের মাধ্যমে কমদামে এয়ার টিকেট করেছিলাম। এয়ার টিকেট করতে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ডিরেক্টর সৈয়দ মাহবুব আলম স্যারের সবসময় পরামর্শ নেই, তিনি পরীক্ষা করে বুকিং’র সঠিকতা নিশ্চিত ও দাম খুবই কম হয়েছে জানালে অচেনা মানুষের কাছ থেকে টিকেট ক্রয়ের সিদ্ধান্ত নিয়ে নেই। কানাডার ভিসার অপেক্ষায় থাকায় নিউইয়র্ক থেকে লন্ডন ফেরার টিকিট কাটা হয়নি।
যুক্তরাষ্ট্রের সফরসূচি চূড়ান্তের পর ডমেস্টিক ফ্লাইটের (মিশিগান – সিয়াটল/১৬৪ ডলার ও সিয়াটল – নিউইয়র্ক/২১২ ডলার) টিকেট চাচাতো ভাই রাশেদুজ্জামান নিউইয়র্ক থেকে অনলাইনে কিনে রাখেন। বাসের টিকেট (নিউইয়র্ক – বাফেলো/৫৬ ডলার, বাফেলো – মিশিগান/৬৯ ডলার) আমি ক্রেডিট কার্ড দিয়ে কিনতে সমর্থ হই। যাত্রার সময় ঘনিয়ে এলে টিকেটের মূল্য বেড়ে যায়, এজন্য এক মাস আগে কিনে ফেলা। নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির ট্রেনের টিকিট চাচাতো ভাই রাশেদুজ্জামান ক্রয় করেন। রাশেদ আমার বড় চাচা আলোকিত ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ বদরুজ্জামান এডভোকেট এর তৃতীয় ছেলে। নিউইয়র্কে কোথায় উঠবো, এটা নিয়ে সমস্যায় পড়েছি। তারুণ্যের প্রিয় কর্মক্ষেত্র দৈনিক সিলেটের ডাক পত্রিকার সাবেক সিনিয়র সহকর্মী জাহেদুল ইসলাম শাহজাহান মামা ভিসা প্রাপ্তির স্ট্যাটাস দেখেই নিউইয়র্কে তাঁর বাসায় ওঠার কথা বলেন। তিনি দৈনিক সিলেটের ডাক এর নব্বইয়ের দশকের দিকপাল সাবেক সফল নির্বাহী সম্পাদক মুহাম্মদ আব্দুস সাত্তার ভাইয়ের আপন মামা, সিলেটের ডাক পরিবারের মামা। চাচাতো ভাই মামার বাসায় উঠবো শুনে বললেন মামার বাসায় আমরা বেড়াতে যাব, তুমি থাকবে আমার বাসায়। মা’কে নিয়ে চার সপ্তাহের জন্য দেশে বেড়াতে আসা আরেক চাচাতো ভাই (ছোট চাচা একেএম সামছুদ্দিন চৌধুরীর ছোট ছেলে) সারওয়ার আহমদ চৌধুরী তুহিন বলল তার বাসা নিরিবিলি, আমার থাকার জন্য ভালো হবে। সে তিন সপ্তাহ দেশে থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক ফিরে গেছে। মিশিগানেও একই অবস্থা। দেশে সদ্য সফর শেষ করে যাওয়া ছড়া পরিষদ সিলেট এর সভাপতি মোঃ মুজিবুর রহমান শাহীন তাঁর বাসায় ওঠার দাওয়াত দিয়ে যান। তিনি এয়ারপোর্ট থেকে নেয়ার ও পৌঁছে দেয়ারও দায়িত্ব নেন। ফেইসবুকে আমার মিশিগানের সিডিউল দেখে ভাগিনা (চাচাতো বোন মরহুমা সাদেকা চৌধুরীর বড় ছেলে) গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস, ইউএসএ’র সাধারণ সম্পাদক মামুন খান ফোন করে বলল ‘মামা আপনার মিশিগান অবস্থানকালে সার্বক্ষণিক সাথে থাকার জন্য ছুটি নিব, আপনি আমার বাসায় উঠবেন। বাস কাউন্টারে যথাসময়ে উপস্থিত থাকব। মামাতো ভাই জমিরুল মালিক চৌধুরী টিটুও মেসেঞ্জারে বলে রেখেছে মিশিগানে তার বাসায় আমার ওঠতে হবে, আমিও বলেছি ইনশাআল্লাহ। বিদেশ বিভূঁইয়ে মানুষের ব্যস্ততার শেষ নেই। এরপরও স্বজন বন্ধুদের ভালোবাসায় যাত্রা শুরুর আগেই উচ্ছ্বসিত। নিউইয়র্কে কবি ইছমত হানিফা মঙ্গলবার তাঁর সাপ্তাহিক ছুটির দিনে দাওয়াত দিয়ে রেখেছেন, বিখ্যাত সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন একদিন জ্যাকসন হাইটসে তাঁর প্রথম আলোর অফিসে যাবার জন্য অনুরোধ করেছেন। মিশিগানে হারান কান্তি সেন লেখক বন্ধুদের আড্ডার আয়োজন করেছেন। সাইক্লোন সিলেট এর প্রাক্তন কর্মকর্তা জাকের আহমদ চৌধুরী বললেন আলাদীন রেস্টুরেন্টে শনিবার সন্ধ্যায় আমাকে নিয়ে বসবেন। সিলেট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান প্রবীণ জননেতা বাবরুল হোসেন বাবুল’র সাথে দেখা করার ইচ্ছে আছে। নিউজার্সিতে এইডেড হাই স্কুল ও মদন মোহন কলেজের সহপাঠী বন্ধু শওকত, বাফেলোতে ভাতিজা আজহারুল ইসলাম চৌধুরী আজু, আম্বরখানা কলোনির ছোটভাই আব্দুস শহীদ বাবুল তাঁদের শহরে আমাকে রিসিভ ও নায়াগ্রা ফলস নিয়ে যাবে বলেছেন। সফর শুরুর আগেই ছোটখাটো বিড়ম্বনা শুরু হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৬ ক্রেডিট কার্ড থেকে আমাজন ওয়েব সিরিজ কেনার জন্য ১০৪ ডলার কেটে নিয়েছে। কার্ড সেন্টার থেকে ফোন করলে আমি বিষয়টি জানতে পারি, দ্রুত কার্ড বন্ধ ও ফ্রডের কমপ্লেন করি। পুরনো কার্ড পরিবর্তন করে নতুন ক্রেডিট কার্ড নেই। ট্রাস্ট ব্যাংক পিএলসি থেকে ডলার ও পাউন্ড এন্ডোস করে নগদ কিনি। ট্রাস্টের ম্যানেজার ও ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী তামান হাসিব দ্রুত সেবা দিতে সহায়তা করেন। ৩০ সেপ্টেম্বর ২০২৬ নিউইয়র্ক যাত্রার আগের দিন পর্যন্ত কানাডা ভিসা আবেদনের ৪৪ দিনে কোন সাড়া না পাওয়ায় ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় JFK – London (Gatwick) যাত্রার টিকেট কাটা হয়। আমার হয়ে নিউইয়র্ক থেকে ২৩৯ ডলারে (৩০ হাজার টাকা) টিকেটটি অনলাইনে ক্রয় করেন রাশেদুজ্জামান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩