আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল ৩ বিজ্ঞানীর

আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল ৩ বিজ্ঞানীর

আলো ব্যবহার করে স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেল।

 

‘আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য’ তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

 

নোবেল কমিটির সেক্রেটারি-জেনারেল থমাস পার্লম্যান স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় বিজয়ীদের নাম ঘোষণা করেন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ ঘোষণা দেওয়া হয়।

 

নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, তিন বিজ্ঞানীর আবিষ্কার স্নায়ুকোষের কার্যক্রম বোঝার ক্ষেত্রে গবেষকদের নতুন সুযোগ তৈরি করেছে। আলো ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষকে সক্রিয় বা নিষ্ক্রিয় করার পদ্ধতি হিসেবে অপটোজেনেটিক্স এখন স্নায়ুবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি গবেষণাপদ্ধতি।

 

পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেল আলো-সংবেদনশীল প্রোটিন চ্যানেলরোডপসিন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। এসব প্রোটিন কীভাবে আলো শনাক্ত করে এবং কোষের কার্যক্রমে পরিবর্তন আনে, তাদের গবেষণায় তা স্পষ্ট হয়।

 

পরে কার্ল ডেইসেরথ এসব আলো-সংবেদনশীল প্রক্রিয়া ব্যবহার করে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের প্রযুক্তি হিসেবে অপটোজেনেটিক্সের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট স্নায়ুকোষে আলো প্রয়োগ করে তার কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

 

নোবেল কমিটি জানিয়েছে, অপটোজেনেটিক্সের মাধ্যমে মস্তিষ্কের বিভিন্ন স্নায়ু সার্কিট কীভাবে স্মৃতি, আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করে, তা নিয়ে গবেষণার নতুন পথ খুলেছে। দৃষ্টিশক্তি হারানো মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার গবেষণাতেও এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

 

১১৭তমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল

 

১৯০১ সালে চিকিৎসাবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। ২০২৬ সালের পুরস্কারসহ এ বিভাগে মোট ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হলো। এ পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে মোট ২৩৫ জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন।

 

প্রথা অনুযায়ী প্রতিবছর অক্টোবরের প্রথম সপ্তাহে নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। এরপর পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

 

সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। ১৯৬৯ সালে এর সঙ্গে অর্থনীতি পুরস্কার যুক্ত হয়।

 

প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীরা স্বর্ণপদক, সনদ এবং অর্থ পান। ২০২৬ সালে প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা।

 

চিকিৎসাবিজ্ঞানে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফ্রেডেরিক জি. ব্যানটিং। ১৯২৩ সালে ৩১ বছর বয়সে ইনসুলিন আবিষ্কারের জন্য তিনি এ পুরস্কার পান। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে এ পুরস্কার পাওয়া ব্যক্তি পেটন রুস। ১৯৬৬ সালে ৮৭ বছর বয়সে তিনি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩