চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। সোমবার শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে মিজানুর রহমানকে আটক করা হয়েছে বলে এসআরবি-২ তাদের জানিয়েছে।
পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, মিজানুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন গার্মেন্টস থেকে চাঁদা আদায়, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা এবং আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি। এ ছাড়া শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আটকের পর মিজানুর রহমানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে পুলিশ তদন্ত করছে।



