ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ (৪ অক্টোবর হতে ১০ অক্টোবর )’ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরের চৌমুহনা,কোর্ট রোড ও এম সাইফুর রহমান রোডে লিফলেট বিতরণ করা হয়। সোমবার সকাল ১১টায় শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
উদ্বোধনী বক্তব্যে জেলা আমীর বলেন এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে সরকারকে নিবিড়ভাবে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই দেশব্যাপী জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে রাষ্ট্রকে আরো বেশি জনবান্ধব হতে হবে।
জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আলাউদ্দিন শাহ,পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম,সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ,শহর শাখা শিবিরের সেক্রেটারি মোঃ মোস্তাকিম আলী, সদর উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল আলী প্রমুখ।
পরে নেতৃবৃন্দ শহরের বিভিন্ন দোকানে, যানবাহনে ও পথচারী সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। মানুষ আগ্রহ নিয়ে লিফলেট গ্রহণ করেন।



