সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইয়েমেনের ইরানপন্থি হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তিনি কুমিল্লার বাসিন্দা।

গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ওই হামলার ঘটনা ঘটে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে, মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই মৃতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করছে।

তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে বলে বার্তায় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *