আজ সোমবার বিশ্ব বসতি দিবস। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। এ বছর বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
এদিকে সিলেটে প্রথমবারের মতো দিবসটি পালন করা হবে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে আজ থেকে দুইদিন ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
“সর্বজনীন বাসস্থান: টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের রিকাবীবাজারস্থ স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়াম ভেন্যুতে দু’দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জাতিসংঘ ১৯৮৫ সালে অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এর পরের বছর, ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। ‘বাসস্থান আমার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে কেনিয়ার নাইরোবিতে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। এরপর প্রতিবছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।



