ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রোববার রাত থেকে শুরু হওয়া এ অভিযানে কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা রোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাতে নগরীর অলিগলি ও মোড়ে অকারণে আড্ডা দিলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।
রোববার রাত ১০টার দিকে নগরীর চৌহাট্টায় দায়িত্বে থাকা বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে অভিযানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ নজরদারি করা হবে। পাশাপাশি বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।
নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পৃথক টিম দায়িত্ব পালন করবে। প্রতিটি টিমে প্রায় ১০ জন করে সদস্য থাকবেন। অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে সংঘটিত ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে কিশোর ও তাদের চেয়ে কিছুটা বেশি বয়সী তরুণদের সম্পৃক্ততা দেখা যায়। সাধারণ মানুষ ও পথচারীরা যাতে রাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন এবং চুরি-ছিনতাই প্রতিরোধ করা যায়, সে লক্ষ্যেই বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
তিনি বলেন, ‘আজ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রতিদিন এ অভিযান চলবে।’
কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের রাস্তাঘাটে কোনো কাজ নেই, তারা যেন রাতে অকারণে অলিগলিতে বা মোড়ে খারাপ ছেলেদের সঙ্গে আড্ডা না দেয়। এমনটি করলে পুলিশ ব্যবস্থা নেবে।’
পুলিশের এ কর্মকর্তা জানান, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে অভিযানটি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।



