সুনামগঞ্জের দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির বাধায় নারী প্রীতি ফুটবল খেলা বন্ধ করে দিয়েছেন আয়োজকরা।
সোমবার বিকেলে দিরাই স্টেডিয়ামে এই প্রমীলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুলিশ ও প্রশাসন খেলা স্থগিত করেছে বলে আয়োজক অভিযোগ করলেও প্রশাসন জানিয়েছে, আয়োজক নিজেই খেলা বন্ধ করে দিয়েছেন।
নারী প্রীতি ফুটবল খেলার আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া জানান, সোমবার বিকেলে দিরাই উপজেলার ‘স্বপ্নচূড়া স্পোর্টিং’ ও সিলেটের ‘জারা স্পোর্টিং ক্লাবের’ নারী ফুটবলারদের মধ্যে ফুটবল প্রীতি ম্যাচ দিরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে অশ্লীলতার অভিযোগ এনে খেলা বন্ধের আহ্বান জানান। এ ঘটনায় খেলার আয়োজক রাকিব আহমদ ভৃইয়া খেলা বন্ধ করে দেন। নিরাপত্তার শঙ্কায় তিনি এ খেলা বন্ধ করেন বলে জানা গেছে।
আয়োজক রাকিব আহমেদ ভূইয়া জানান, সোমবার দুপুরে তিনি পুলিশের সঙ্গে ও উপজেলা পপ্রশাসনের সঙ্গে খেলার বিষয়ে যোগাযোগ করেছেন। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে খেলা স্থগিত করতে। তাই বাধ্য হয়েই তিনি নিরাপত্তার শঙ্কায় খেলা স্থগিত করেছেন।



