তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় পর্যায়ে তুলে আনা হবে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ক্রীড়াবিদদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতানে সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি, ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। ক্রীড়া কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা, নাগরিক সুযোগ-সুবিধা, দুর্ঘটনা ও অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসা সহায়তা এবং জীবনবীমাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রথম আসরে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে প্রতিভাবান ক্রীড়াবিদ বাছাই করা হয়েছে। নির্বাচিত ৩০৬ জনকে বর্তমানে ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রতিভাবানদের বিকেএসপিতে ভর্তি করে তাদের শিক্ষা ও খেলাধুলার ব্যয় সরকার বহন করবে।

আগামী ৫ নভেম্বর খুলনা থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির দ্বিতীয় আসর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এতে ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদ অনলাইনে নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের প্রায় ৪২ শতাংশ কিশোরী।

আমিনুল হক বলেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ স্থাপন এবং জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে স্টেডিয়ামগুলোতে উন্নত ড্রেসিংরুম, গ্যালারি, প্রেস বক্স ও ইনডোর সুবিধা যুক্ত করা হবে। মৌলভীবাজারেও অগ্রাধিকার ভিত্তিতে স্পোর্টস ভিলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, খেলাধুলাকে সারা বছর মাঠে রাখার লক্ষ্যে ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টের লিগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানী ইমরানের সভাপতিত্বে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সিনিয়র সদস্য আব্দুল মুকিত, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫