এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিখ্যাত কর্নেল বিশ্ববিদ্যালয়। ভুক্তভোগী শিক্ষার্থীর প্রতি সংহতি জানিয়ে এবং ক্যাম্পাসে যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে ক্যাম্পাসে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনাটি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। তারা ক্যাম্পাসে যৌন নিপীড়নের নিরপেক্ষ শুনানি, বিশ্ববিদ্যালয় নীতিমালার আলোকে ন্যূনতম শাস্তি নিশ্চিতকরণ এবং তৃতীয় কোনো নিরপেক্ষ সংস্থার মাধ্যমে স্বাধীন তদন্তের দাবি জানান। এমনকি প্রশাসনের ব্যর্থতার জেরে শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল কটলিকফসহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।
পরিচয় গোপন রাখতে ভুক্তভোগী শিক্ষার্থীকে ‘জেন ডো’ ছদ্মনামে উল্লেখ করা হয়েছে। দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের অক্টোবরে একটি বারে তাঁকে মাদক ও মদ খাইয়ে অচেতন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ‘কাই ফাই’ ছাত্রসংগঠনের কয়েকজন সদস্য তাঁকে সংঘবদ্ধ যৌন নিপীড়ন করেন। মামলায় তিনি ওই ছাত্রসংগঠনের সাত সদস্য, সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা, স্থানীয় একটি বার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছেন।
ঘটনার পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত চালালেও স্থানীয় প্রসিকিউটর কোনো ফৌজদারি অভিযোগ গঠন করেননি। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘কাই ফাই’ সংগঠনের শাখাটি বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়। তবে অভিযুক্ত শিক্ষার্থীরা তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।



