নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন: সুষ্ঠু ভোটের লক্ষ্যে প্রার্থীদের সঙ্গে কমিশনের মতবিনিময়

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন: সুষ্ঠু ভোটের লক্ষ্যে প্রার্থীদের সঙ্গে কমিশনের মতবিনিময়

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সোসাইটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্যাম্পল ব্যালট পেপার, পোলিং এজেন্ট নিয়োগ, ডাবল ভোট প্রতিরোধ এবং কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ ও অবস্থানের সময়সীমা নির্ধারণসহ নির্বাচন পরিচালনার নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সভায় প্রার্থীদের উত্থাপিত বেশ কয়েকটি যৌক্তিক প্রস্তাব ও সুপারিশ গ্রহণ করে কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের অন্য সদস্য বদরুল এইচ খান, মোহাম্মদ শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন।

কমিশন সূত্রে জানা গেছে, সভায় ‘সেলিম-আলী’ পরিষদের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, ‘কুনু-ফিরোজ’ পরিষদের সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ অংশ নেন। এছাড়া উভয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পাঁচজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনে ব্যবহারের জন্য প্রস্তুতকৃত স্যাম্পল ব্যালট প্রার্থীদের সামনে উপস্থাপন করা হয়। ব্যালট পর্যালোচনা শেষে প্রার্থীরা কয়েকজন প্রার্থীর নামের বাংলা ও ইংরেজি বানানের অসংগতি সংশোধনের প্রস্তাব দিলে কমিশন চূড়ান্ত ব্যালট ছাপানোর আগে তা সংশোধনের সিদ্ধান্ত নেয়।

ভোটের দিন প্রতিটি কেন্দ্রে কতজন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন—প্রার্থীদের এমন প্রস্তাবের ভিত্তিতে স্বচ্ছতা ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিতের বিষয়টি বিবেচনায় রেখে ব্যবস্থা চূড়ান্ত করার আশ্বাস দেয় কমিশন।

সভায় ভোটার তালিকায় ‘ডাবল ভোট’ বা একাধিকবার ভোট দেওয়ার ঝুঁকি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কমিশন জানায়, ভোটারদের তথ্য এমনভাবে সমন্বয় ও যাচাই-বাছাই করা হচ্ছে, যাতে কেউ একাধিকবার ভোট দিতে না পারেন। এ লক্ষ্যে ভোটার তালিকা ও তথ্য বিশেষভাবে যাচাই ও চিহ্নিত রাখার ব্যবস্থা থাকবে।

এদিকে ভোটের দিন শৃঙ্খলা রক্ষায় প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের বিষয়ে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক প্রার্থী প্রতিটি কেন্দ্রে কেবল একবার প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ ১০ মিনিট অবস্থান করতে পারবেন। পাশাপাশি দুই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকেও প্রতি কেন্দ্রে পাঁচজন করে অনুমোদিত প্রতিনিধি প্রবেশের সুযোগ পাবেন।

প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু কমিশনের একার প্রচেষ্টায় সম্ভব নয়; এর জন্য সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও আন্তরিক সহযোগিতা অপরিহার্য। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর (রোববার) বাংলাদেশ সোসাইটির এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ২১টি পদের বিপরীতে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫