বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনী বিতর্ক। প্রার্থীদের পরিকল্পনা, নেতৃত্বের সক্ষমতা, জবাবদিহি ও সংগঠনের ভবিষ্যৎ নিয়ে সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে ভোটারদের সামনে তাদের অবস্থান তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট মিলনায়তনে এ বিতর্কের আয়োজন করেছে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড। ‘নেতৃত্ব, স্বচ্ছতা, সেবা: আমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করবেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীন। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।
বিতর্কে সভাপতি পদে আতাউর রহমান সেলিম ও আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী, ফিরোজ আহমেদ ও রাব্বি সৈয়দ অংশ নেবেন।
প্রায় এক ঘণ্টার এ আয়োজনে প্রত্যেক প্রার্থীকে সমান সময় দেওয়া হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের দায়িত্বের ভিন্নতা বিবেচনায় তাদের জন্য থাকবে আলাদা প্রশ্ন ও পৃথক পর্ব।
শুরুতে প্রার্থীরা নিজেদের পরিচয়, নির্বাচনে অংশ নেওয়ার কারণ এবং বাংলাদেশ সোসাইটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। সভাপতি প্রার্থীদের কাছে নির্বাচিত হলে প্রথম ১০০ দিনে কী পদক্ষেপ নেবেন, সংগঠন পরিচালনায় কী পরিবর্তন আনবেন এবং সদস্যদের কাছে জবাবদিহি কীভাবে নিশ্চিত করবেন—এসব বিষয়ে প্রশ্ন করা হবে।
বিতর্কের যৌথ পর্বে পাঁচ প্রার্থীর কাছে বাংলাদেশ সোসাইটির আর্থিক স্বচ্ছতা, সদস্যপদ প্রক্রিয়া, সক্রিয় সদস্যসংখ্যা বৃদ্ধি, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সদস্যদের জন্য নতুন কর্মসূচি নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাওয়া হবে। আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও সদস্যদের নিয়মিত আর্থিক প্রতিবেদন দেওয়ার বিষয়েও প্রার্থীদের অবস্থান তুলে ধরার সুযোগ থাকবে।
আয়োজকরা জানান, পুরো বিতর্কে প্রার্থীদের সমান সুযোগ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান নিশ্চিত করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালকের নিয়ন্ত্রণে পরিচালিত হবে।
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে সাধারণত প্রচারণা ও সভা-সমাবেশকেন্দ্রিক কার্যক্রম বেশি দেখা গেলেও একই মঞ্চে প্রার্থীদের পরিকল্পনা ও নেতৃত্বের সক্ষমতা তুলে ধরার এ আয়োজন ভোটারদের জন্য ভিন্নধর্মী সুযোগ তৈরি করবে বলে মনে করছেন আয়োজকরা।



