নিলামে কিনলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী

মৌলভীবাজারে চারটি কমলা ৫০ হাজার টাকা

মৌলভীবাজারে চারটি কমলা ৫০ হাজার টাকা

চারটি কমলার দাম ৫০ হাজার টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার ওয়াজ মাহফিলে এমন ঘটনা ঘটেছে। মাদ্রাসার সহযোগিতার জন্য আয়োজিত নিলামে চারটি কমলা ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।

 

বুধবার (৭ অক্টোবর) রাত একটার দিকে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমীর বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলা হয়। নিলামের ডাক শুরু হয় ৫ হাজার টাকা থেকে। একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দাম হাঁকিয়ে কমলাগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।

 

মাহফিল সংশ্লিষ্টরা জানান, নিলামের পুরো কার্যক্রম ফেসবুকে ওয়াজ মাহফিলের লাইভ সম্প্রচারের সঙ্গে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। নিলামে অংশ নেওয়া ব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করা।

 

কমলা কিনে নেওয়া আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, ‘আমার বাবা ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে কমলাগুলো কিনেছেন। এছাড়াও তিনি বছরে ৩৬ হাজার টাকা দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবসময় পাশে থাকেন।’

 

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মাদ্রাসার সহযোগিতার জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হয়। এবার চারটি কমলা নিলামে তোলা হলে তা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

 

এছাড়া মাহফিলে আধা কেজি খেজুরও নিলামে তোলা হয়। সেটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ফলগুলো বেশি দামে বিক্রির মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহযোগিতা সংগ্রহ করা। নিলামে অংশ নেওয়া ব্যক্তিরা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫