সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. সহিদুল ইসলাম চৌধুরী ওরফে শহীদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে দুর্নীতি দমন কমিশনের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে শহীদ চৌধুরীর নামে তাঁর বৈধ আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ মোট ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৭৫১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পায় দুদক। অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক সত্যতা মেলায় কমিশন থেকে তাঁর প্রতি সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করা হয়।
দুদক জানায়, নিয়ম অনুযায়ী চলতি বছরের ৫ জানুয়ারি পুলিশ কর্মকর্তা, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শহীদ চৌধুরীর সিলেটের রাজবাড়ি এলাকার বাসভবনে প্রকাশ্যে এই নোটিশ জারি করা হয়।
সম্পদ বিবরণী জারির বিধি মোতাবেক ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিস্তারিত তথ্য কমিশনে জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও শহীদ চৌধুরী কোনো সম্পদ বিবরণী জমা দেননি এবং সময় বাড়ানোর জন্য কোনো আবেদনও করেননি।
দুদক কর্মকর্তারা জানান, কমিশন কর্তৃক জারিকৃত নোটিশের তোয়াক্কা না করে নির্ধারিত সময়ে তথ্য জমা না দেওয়ায় তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ফলে সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এই নিয়মিত মামলা রুজু করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর শহীদ চৌধুরীকে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে তাঁকে মেয়রের পদ থেকে অপসারণ করা হয়। ৫ আগস্টের পর থেকেই তাঁর এপিএস শহীদ চৌধুরীও আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে।



