হাম সন্দেহে মৃত্যু বেড়ে ১৮৫

সিলেটে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হাম ও হাম সন্দেহে প্রাণহানি বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ১০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল। বাকি ১৭৫ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

 

স্বাস্থ্য বিভাগের ৮ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া দুই শিশুর একজনের বাড়ি সিলেটের গোয়াইনঘাটে এবং অন্যজনের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে। দুজনের বয়সই এক বছরের কম।

 

গোয়াইনঘাটের শিশুটির বয়স ছিল ৯ মাস। সে ৭ অক্টোবর সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে, দিরাইয়ের ৬ মাস বয়সী শিশুটি ৬ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ দুই মৃত্যুর পর সিলেট জেলায় হাম ও হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। এর মধ্যে ৭১ জন সন্দেহজনক হাম রোগে এবং ৪ জন পরীক্ষায় নিশ্চিত হামজনিত কারণে মারা গেছে। সুনামগঞ্জে মোট মৃত্যু হয়েছে ৬৭ জনের। এর মধ্যে ৬৬ জন সন্দেহজনক হাম এবং একজন নিশ্চিত হামজনিত কারণে মারা গেছে। এছাড়া হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

 

মৃত্যুর পাশাপাশি হাসপাতালে হাম সন্দেহে রোগী ভর্তির চাপও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২২৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১২ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।

 

এ ছাড়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫৫২ জন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০ এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

অন্য হাসপাতালগুলোর মধ্যে পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৮, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১০ এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া গোলাপগঞ্জে ৭, বিশ্বনাথে ৫, কোম্পানীগঞ্জে ৪, নর্থ ইস্ট হাসপাতালে ৩, উইমেন্স মেডিকেল হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৩, ফেঞ্চুগঞ্জে ২ এবং ধর্মপাশায় ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন। হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭৫ জন হামের উপসর্গ নিয়ে এবং ১০ জন পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত অবস্থায় মারা গেছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫