আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। এদিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে সবচেয়ে ভালো স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বদলের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এ দুই প্রক্রিয়ায় আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।

এর আগে গত ৫ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম ২ হাজার ৬৮৩ টাকা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫