সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।
শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে তিন সৌদি নাগরিক নিহত হন এবং বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হন। আহতদের মধ্যে কেউ সামান্য, আবার কেউ গুরুতর আঘাত পেয়েছেন। হামলার পর তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, প্রথম হামলাটি বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। এতে বিমানবন্দরের কয়েকটি স্থাপনা ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়।
হামলার পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। তবে এ ঘটনায় দেওয়া সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে হামলার জন্য দায়ীদের নাম উল্লেখ করা হয়নি।



