সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা নির্বাচিত হন। অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন, সহ-সভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে বিলাল উদ্দিন।

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে প্রেসক্লাবের সাধারণ সদস্যসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্থানীয় জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *