নিউইয়র্কে বিদ্যুৎ-গ্যাসের বিলে ছাড় পাবেন আরও ২৫ লাখ পরিবার

নিউইয়র্কে বিদ্যুৎ-গ্যাসের বিলে ছাড় পাবেন আরও ২৫ লাখ পরিবার

নিউইয়র্কে বিদ্যুৎ ও গ্যাসের বাড়তি খরচে চাপে থাকা পরিবারগুলোর জন্য স্বস্তির খবর দিয়েছে অঙ্গরাজ্য সরকার। জ্বালানি ব্যয় সহনীয় রাখতে নেওয়া কর্মসূচির আওতা সম্প্রসারণের ফলে আরও প্রায় ২৫ লাখ পরিবার মাসিক বিদ্যুৎ ও গ্যাসের বিলে ছাড় পাওয়ার যোগ্য হতে পারে। নতুন নিয়মে শুধু নিম্ন আয়ের পরিবার নয়, নির্ধারিত আয়সীমার মধ্যে থাকা মধ্যম আয়ের পরিবারও এ সুবিধার জন্য আবেদন করতে পারবে।

 

নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টারে কন এডিসনের আবাসিক গ্রাহকদের জন্য সম্প্রসারিত এ সুবিধা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, আগে সরকারি সহায়তা কর্মসূচির আওতায় না থাকায় যেসব পরিবার বিদ্যুৎ ও গ্যাসের বিলে ছাড় পেত না, তাদের অনেকেই এখন আয়ের ভিত্তিতে আবেদন করার সুযোগ পাচ্ছে।

 

কন এডিসনের ২০২৬ সালের যোগ্যতার তালিকা অনুযায়ী, পরিবারের সদস্যসংখ্যার ভিত্তিতে বার্ষিক সর্বোচ্চ আয়সীমা নির্ধারণ করা হয়েছে। এক সদস্যের পরিবারের জন্য এ সীমা ১ লাখ ১৩ হাজার ৪০০ ডলার, দুই সদস্যের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০০ ডলার, তিন সদস্যের জন্য ১ লাখ ৪৫ হাজার ৮০০ ডলার এবং চার সদস্যের জন্য ১ লাখ ৬২ হাজার ডলার।

 

এ ছাড়া পাঁচ সদস্যের পরিবারের আয়সীমা ১ লাখ ৭৫ হাজার ডলার, ছয় সদস্যের জন্য ১ লাখ ৮৮ হাজার ডলার, সাত সদস্যের জন্য ২ লাখ ৯০০ ডলার এবং আট সদস্যের জন্য ২ লাখ ১৩ হাজার ৯০০ ডলার।

 

ফলে নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস বা ম্যানহাটনে বসবাসকারী চার সদস্যের কোনো পরিবারের বার্ষিক আয় ১ লাখ ৬২ হাজার ডলারের মধ্যে থাকলে তারা এ কর্মসূচির আওতায় যোগ্য হতে পারে। পরিবারের একাধিক সদস্য চাকরি বা ব্যবসা করায় যেসব পরিবার প্রচলিত নিম্ন আয়ের সরকারি সহায়তার সীমা অতিক্রম করে, তাদের জন্যও নতুন নিয়মে সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

 

মাসে ১৬৯ ডলার পর্যন্ত ছাড়

ছাড়ের পরিমাণ নির্ভর করবে পরিবারের আয়, জ্বালানির ব্যবহার এবং ঘর গরম করার জন্য বিদ্যুৎ বা গ্যাস ব্যবহারের ওপর। সর্বনিম্ন আয়ের স্তরে থাকা যোগ্য গ্রাহকেরা বিদ্যুৎ বিলে মাসে ৩৩ ডলারের বেশি এবং গ্যাস দিয়ে ঘর গরম করলে গ্যাস বিলে ১৩৫ ডলারের বেশি ছাড় পেতে পারেন।

 

কোনো পরিবার উভয় সুবিধার জন্য যোগ্য হলে মাসে মোট প্রায় ১৬৯ ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। তবে নির্ধারিত আয়সীমার কাছাকাছি থাকা পরিবারের ছাড়ের পরিমাণ তুলনামূলক কম হতে পারে।

 

অঙ্গরাজ্য সরকারের লক্ষ্য হলো, যোগ্য পরিবারগুলোর নিয়মিত বিদ্যুৎ ও গ্যাসের ব্যয় তাদের মোট আয়ের প্রায় ৬ শতাংশের মধ্যে রাখা।

 

কারা আবেদন করতে পারবেন

যেসব পরিবার ইতোমধ্যে বাড়ির জ্বালানি সহায়তা, নগদ সহায়তা বা নির্দিষ্ট সরকারি কর্মসূচির সুবিধা পাচ্ছে, তাদের অনেককে স্বয়ংক্রিয়ভাবে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ ছাড়া খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, সামাজিক নিরাপত্তা ভাতা, সরকারি আবাসন সহায়তা, প্রবীণ সেনাসদস্যের অক্ষমতা ভাতা কিংবা স্বল্পমূল্যের টেলিফোন সেবার মতো নির্দিষ্ট সুবিধা পাওয়া গ্রাহকেরাও যোগ্য হতে পারেন।

 

তবে সরকারি সহায়তা না পেলেও নির্ধারিত আয়সীমার মধ্যে থাকা কন এডিসনের আবাসিক গ্রাহকেরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে পরিবারের সদস্যসংখ্যা, মোট আয় ও অন্যান্য যোগ্যতার শর্ত বিবেচনা করা হবে।

 

আবেদনের সময় বেতন রসিদ, সামাজিক নিরাপত্তা ভাতার বিবরণী, পেনশনের নথি, স্বনিয়োজিত আয়ের প্রমাণসহ পরিবারের সাম্প্রতিক আয়ের গ্রহণযোগ্য কাগজপত্র প্রয়োজন হতে পারে।

 

অনলাইনে আবেদনের সুযোগ

কন এডিসনের গ্রাহকেরা অনলাইনে এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে অসুবিধা হলে ডাক বা ফ্যাক্সের মাধ্যমেও আবেদন করার ব্যবস্থা রয়েছে। আবেদনপত্র বাংলাতেও পাওয়া যায়।

 

যাঁরা আগে থেকেই সরকারি জ্বালানি সহায়তা পাচ্ছেন, তাঁদের অনেকের বিলে স্বয়ংক্রিয়ভাবে ছাড় যুক্ত হতে পারে। তবে সুবিধা কার্যকর হয়েছে কি না, তা নিশ্চিত হতে নিজেদের সর্বশেষ বিল পরীক্ষা করা অথবা কন এডিসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

গভর্নর ক্যাথি হোকুলের প্রশাসন রাজ্যজুড়ে নতুন করে নিবন্ধন কার্যক্রম শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যে ২১ হাজারের বেশি পরিবার আবেদন করেছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় ১০ লাখ পরিবার এ কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছে। সম্প্রসারিত যোগ্যতার কারণে আরও প্রায় ২৫ লাখ পরিবার সুবিধা পাওয়ার উপযুক্ত হতে পারে।

 

এককালীন ২০০ ডলারের সহায়তা আলাদা

মাসিক বিদ্যুৎ ও গ্যাসের বিল ছাড়ের পাশাপাশি নিউইয়র্ক অঙ্গরাজ্যে এককালীন জ্বালানি সহায়তার ব্যবস্থাও রয়েছে। এ কর্মসূচির আওতায় যোগ্য পরিবারগুলো আয় ও কর জমা দেওয়ার অবস্থার ভিত্তিতে ১০০, ১৫০ অথবা ২০০ ডলার পর্যন্ত এককালীন সহায়তা পেতে পারে।

 

এটি মাসিক বিল ছাড়ের কর্মসূচি থেকে সম্পূর্ণ আলাদা। ফলে কোনো পরিবার উভয় কর্মসূচির শর্ত পূরণ করলে এককালীন সহায়তার পাশাপাশি প্রতি মাসে বিদ্যুৎ ও গ্যাসের বিলেও ছাড় পেতে পারে।

 

সংশ্লিষ্টরা বলছেন, শুধু আয় বেশি বলে বা সরকারি সহায়তা পান না বলে যোগ্য পরিবারগুলোর আবেদন থেকে বিরত থাকা উচিত নয়। বিশেষ করে চার সদস্যের পরিবারের জন্য ১ লাখ ৬২ হাজার ডলার এবং পাঁচ সদস্যের পরিবারের জন্য ১ লাখ ৭৫ হাজার ডলার পর্যন্ত আয়সীমা থাকায় নিউইয়র্কের উল্লেখযোগ্যসংখ্যক মধ্যম আয়ের পরিবারও এ সুবিধার আওতায় আসতে পারে।

 

কর্মসূচির বিস্তারিত যোগ্যতা, আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানা যাবে নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকারের জ্বালানি সহায়তা বিষয়ক সরকারি ওয়েবসাইট এবং কন এডিসনের ওয়েবসাইটে।

সোর্স– ঠিকানা নিউজ

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫