কানাইঘাট সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটের কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

 

নিহত শাহিন আহমদ উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর শাহিন আর ফিরে আসেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সোনারখেওড় গ্রামের কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি তাঁর পরিবারকে জানান। নিহতের বড় ভাই জসিম উদ্দিন কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

স্থানীয় কয়েকজনের দাবি, শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। তাঁদের ধারণা, শুক্রবার রাতে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে। গুলিতে মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন দিনমজুরের কাজ করতেন। তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫