সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের জমি দখল বন্ধ ও বিমানবন্দরে হয়রানি নিরসনসহ বিভিন্ন দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সিলেটি বংশোদ্ভূত আফসানা বেগম। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব দাবি তুলে ধরেন।
‘Roots and Routes: Bangladesh’s Present & Future and Contribution of UK Migrants’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে ব্র্যাক। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
যুক্তরাজ্য পার্লামেন্টের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’-এর চেয়ার ও পপলার অ্যান্ড লাইমহাউসের এমপি আফসানা বেগম বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি বংশোদ্ভূতরা বিভিন্ন সময়ে তাঁদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে সিলেটে প্রবাসীদের জমি দখল এবং বিমানবন্দরে হয়রানির অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে তিনি সিসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালু ও নারীর ক্ষমতায়নের বিষয়েও গুরুত্ব দেন তিনি।
আফসানা বেগমের নেতৃত্বে যুক্তরাজ্যের তিন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল সিলেট সফর করছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন লর্ড কুরবান হুসাইন ও সংসদ সদস্য শওকত আদম।
বৈঠকে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া নৈতিক দায়িত্ব। প্রবাসীরা দেশে এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে তাঁদের বৈধ সম্পত্তি অন্যায়ভাবে দখল করা ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সমস্যা সমাধানে সরকার প্রকল্প গ্রহণ করেছে। এ সমস্যা সমাধান হলে লন্ডন-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট চালুরও চেষ্টা করা হবে। এতে প্রবাসীরা উপকৃত হবেন এবং সিলেট থেকে সরাসরি যুক্তরাজ্যে যাতায়াতের সুযোগ বাড়বে।
প্রবাসীদের জমি দখল ও ভূমিসংক্রান্ত সমস্যা নিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এ ধরনের অভিযোগ পেলে সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখবে। প্রবাসীদের বৈধ সম্পত্তি রক্ষায় প্রশাসন তাঁদের পাশে থাকবে। যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিভিন্ন নির্বাচনী এলাকার বাসিন্দাদের এসব তথ্য সংশ্লিষ্ট সংসদ সদস্যদের মাধ্যমে জানিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও দেশটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে বাংলাদেশের চারজন সদস্য থাকাও দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নারী শিক্ষার প্রসার, বিনামূল্যে শিক্ষা ও বৃত্তিসহ বিভিন্ন উদ্যোগের ফলে নারীরা সিভিল সার্ভিস, পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘যত বেশি নারীর ক্ষমতায়ন হবে, তত বেশি বাংলাদেশ এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ডা. চৌধুরী মো. জাবের সাদেক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, চা শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি রাজু গোয়ালা, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী, সিআরপি সিলেটের সেন্টার ম্যানেজার আরিফ শাকিল নাহিদ, ইউকেবিইটির কমিউনিকেশন অফিসার তুহফা হুসাইন নোভা, এমবিসিওএসের প্রতিনিধি নুরুল আমিন এবং ব্র্যাকের কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কেএএম মোর্শেদ।



