সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন পরিবেশে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও কলেজ গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সিলেটের শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ দীর্ঘদিন ধরে এক অনন্য ও উজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানটি সিলেটের নারী শিক্ষার অগ্রগতিতে একটি অনন্য দৃষ্টান্ত। আমি আশা করি, নতুন শিক্ষার্থীরা জ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি কলেজটির ভৌত অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রহিমা বেগম। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল এবং বাংলা বিভাগের প্রধান আজির উদ্দিন।

শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা সিদ্দিকা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিশকাত উল আফরা সামিয়া। অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাকিম, ডা. সোলায়মান আহমেদ, মখছুছুল করিম, আজিজুল ইসলাম, জিল্লুল হক ও সাব্বির আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাইশা বেগম এবং গীতা পাঠ করেন সুস্মিতা আইচ রিমি। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন ঐশী, প্রমি, হৈমন্তী, স্নিগ্ধা ও প্রিয়ন্তী। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশনসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *