যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের অভিযান ও আটকের ঘটনা অব্যাহত রয়েছে। এবার বৃহত্তর বিংহ্যামটন এলাকার ভেস্টাল থেকে এক বাংলাদেশিকে আটকের খবর পাওয়া গেছে। গত শুক্রবার তাকে আটক করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে স্থানীয় সাংবাদিক মাহফুজ রহমানকে।
সূত্রটির দাবি, নিউইয়র্ক সিটি থেকে জরুরি কাজে ভেস্টালে গিয়েছিলেন ওই বাংলাদেশি। সেখানে তার এক বন্ধুর গাড়ি থামিয়ে তাকে আটক করা হয়। তবে আটকের সুনির্দিষ্ট কারণ, তার অভিবাসন-সংক্রান্ত অবস্থা কিংবা বর্তমানে তিনি কোথায় রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিউইয়র্কে বাড়ছে অভিবাসন অভিযান নিয়ে উদ্বেগ
বৃহত্তর বিংহ্যামটন এলাকায় আইসের তৎপরতা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অধিকারকর্মী ও অভিবাসী সহায়তাকারী সংগঠনগুলো। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে ব্রুম কাউন্টির বিভিন্ন স্থানে অভিযানে অন্তত ১৯ জনকে আটকের খবর জানিয়েছিল সংশ্লিষ্ট অধিকারকর্মীরা। পরবর্তী প্রতিবেদনে ওই অঞ্চলে আটকের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছিল।
ব্রঙ্কসে আইসের অভিযান ঘিরে গুলির ঘটনা
এদিকে, নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের মার্বেল হিল এলাকায় গত বৃহস্পতিবার আইসের অভিযানের সময় গুলিতে ২৮ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। তার গাড়িতে পাঁচ বছর বয়সী একটি শিশুও ছিল। তবে শিশুটি নিরাপদ ছিল। ঘটনাটি ঘিরে নিউইয়র্কে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিবাসন অভিযান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
নিউইয়র্ক সিটিতে অভিবাসন-সংক্রান্ত আটকের সংখ্যা নিয়েও উদ্বেগ রয়েছে। নিউইয়র্ক সিটি প্রশাসনের ২০২৬ সালের মে মাসে প্রকাশিত এক নিরীক্ষা অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত নিউইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় আইস ৫ হাজার ৫৬৭ জনকে গ্রেফতার করেছিল। নিরীক্ষায় আগের প্রশাসনের একই সময়ের তুলনায় গ্রেফতারের সংখ্যা ৭১ শতাংশ বেশি বলে উল্লেখ করা হয়।
