নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে অনিয়মের অভিযোগে চারটি কাপড়ের দোকানকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত অভিযানে সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে ১০ শতাংশ ছাড় দেওয়া, বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রি এবং নকল পণ্য বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়।
অভিযানে জুরিক ফ্যাশনকে ২৫ হাজার টাকা, জোহা ফ্যাশনকে ২০ হাজার টাকা, সোলসকে ১৫ হাজার টাকা এবং বন্ডকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
জুরিক ফ্যাশনের বিরুদ্ধে নকল পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়। জোহা ফ্যাশনের বিরুদ্ধে ৭০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে সোলসকে জরিমানা করা হয়। এ ছাড়া ৪০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে বন্ডকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু। অভিযান শেষে তিনি জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
