জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও চা শ্রমিকদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাবিবনগর চা বাগান পূজামণ্ডপে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলার ২১টি পূজামণ্ডপের জন্য মন্ত্রীর পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ৫৭০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর আগে সরকারিভাবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছিল। পাশাপাশি উপজেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মধ্যে বিতরণের জন্য মোট ১ হাজার ৭০০টি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়।
শনিবার হাবিবনগর ও আহমদনগর চা বাগানের শ্রমিকদের জন্য ৩৫০টি এবং খান চা বাগানের শ্রমিকদের জন্য আরও ৩৫০টি শাড়ি বিতরণ করা হয়। এ ছাড়া লালাখাল চা বাগানে ৩০০টি, শ্রীপুর চা বাগানে ২০০টি এবং অন্যান্য চা বাগানের শ্রমিকদের জন্য বাকি শাড়িগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে বিএনপির নেতাদের সমন্বয়ে পর্যায়ক্রমে বিভিন্ন চা বাগানে এসব শাড়ি বিতরণ করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ এবং সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার পাল।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি হাজি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন পিডিবির আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, হাবিবনগর চা বাগানের ব্যবস্থাপক, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ শাহজাহান সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চা বাগানগুলোর পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সিএ তাপস চন্দ্র পাল।
শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর ও সম্প্রীতিপূর্ণ করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
