জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৩৫ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

সোমবার (১৯ অক্টোবর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর আনুমানিক সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিদারা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩১৯ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৭১৬ পিস মেলব্রন ক্রিম এবং ৬০ কেজি কিসমিস জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।

এ ছাড়া গত ১৮ অক্টোবর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৬০০ পিস বিভিন্ন ধরনের আতশবাজি এবং একটি ভারতীয় গরু জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য ৩ লাখ ৭৩ হাজার টাকা।

দুই দিনের পৃথক অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৩৫ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *