দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি। তবে কঠিন প্রকৃতির। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লাউ, শশা, কুমড়ো নিয়ে বাজারে বিক্রি করে। দেখতে সুন্দর বলে অনেকেরই দৃষ্টি তার দিকে। সবজির দরদামের ছলে তার সঙ্গে কথা বলতে চায়। তবে কঠিন মেজাজের কারণে দূরে সরে যায় সবাই।
রাধিকা কাউকে বিশ্বাস করে না। প্রতিদিন সে বাজারে এটা-সেটা বিক্রি করে যা পায় তা দিয়ে চালডাল কিনে বাড়ি চলে যায়। ঘরে বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই। সেও বয়সের ভারে ক্লান্ত, কর্মহীন। তাই মেয়েকে উপার্জন করে সংসার চালাতে হয়। রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে। কিন্তু সামনে গিয়ে রাধিকার সঙ্গে কথা বলার সাহস পায় না সে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের বিশেষ নাটক ‘রাধিকা’।
আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার রাত সাড়ে ১০টায় এটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
