নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাব্বির আহমদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ওই শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) এসআরবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো তথ্যের বরাতে এ ঘটনা জানা গেছে। এর আগে সোমবার (১৯ অক্টোবর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার ও শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছাব্বির হোসেন বালাগঞ্জ উপজেলার কায়েস্তগাঁও হাড়িয়ারগাঁও এলাকার গেন্দু মিয়ার ছেলে। এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গোলাপগঞ্জ থানা এলাকার একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে ছাব্বিরের প্রেমের সম্পর্ক ছিল। গত ৮ আগস্ট সকালে ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা।
বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তী সময়ে মেয়েটির মায়ের অভিযোগ, ছাব্বির তাঁর মেয়েকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। এ ঘটনায় তিনি ছাব্বিরকে অভিযুক্ত করে মামলা করেন।
এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া শিক্ষার্থী ও গ্রেপ্তার যুবককে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
