সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং ডাক, তার, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সঙ্গে লন্ডনের বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে সিনিয়র সাংবাদিক কিউ নিউজ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, কার্যকর আইনি নিয়ন্ত্রণের অভাবে মানুষের অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি আত্মহত্যায় মৃত ব্যক্তির ঝুলন্ত মরদেহসহ নানা বীভৎস দৃশ্যও প্রচার করা হচ্ছে, যা মানবিক মর্যাদা ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
সাংবাদিকরা আরও বলেন, ছবি বা ভিডিও ভাইরাল হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ এখন স্বাভাবিক চলাফেরায়ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই ব্যক্তিগত গোপনীয়তা, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সুস্পষ্ট নীতিমালা এবং কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ সময় কলিম উদ্দিন আহমদ মিলন সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
