আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার। আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোরা নামদার জানান, বাতিল হওয়া ভিসার সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে এবং এ সংখ্যা ক্রমেই বাড়ছে। তিনি ভিসাধারীদের যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার আহ্বান জানান। অন্যথায় দেশটিতে প্রবেশের সুযোগ হারাতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

নামদার আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং মার্কিন জনগণের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এদিকে, হোয়াইট হাউসের একটি পোস্টও নিজের বার্তার সঙ্গে যুক্ত করেন নামদার। সেখানে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসন আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও এক্সে দেওয়া পৃথক এক বার্তায় জানান, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।

তিনি বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কেউ আইন লঙ্ঘন করলে, জালিয়াতিতে জড়ালে কিংবা দেশটির জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসা ও অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়ে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *