আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা কিংবা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ক্ষমা করবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আসাদুজ্জামান বলেন, নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারণ করে দেবেন। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ ভিন্ন অবস্থান নিলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে তিনি দল থেকে ছিটকে পড়বেন।
ইউনিয়নভিত্তিক সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে আইনমন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়নের জন্য একটি করে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। বিএনপি এমন প্রার্থীকে মনোনয়ন দিতে চায়, যাঁর নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে। শুধু বড় নেতা হওয়া কিংবা ব্যক্তিগত পরিচিতি থাকাই যথেষ্ট নয়; নির্বাচনে বিজয়ী হওয়াটাই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের চেয়ে বিজয়ের সম্ভাবনাকে বেশি গুরুত্ব দিতে হবে। মনোনয়ন পাওয়া প্রার্থীকে জয়ী করে আনতে দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দলকে সবচেয়ে বড় আমানত হিসেবে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিকল্প অবস্থান নিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দলের রয়েছে।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
