বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় বসতঘরে চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে শনাক্ত ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বড়লেখা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাতে দক্ষিণভাগ এলাকার সিএনজিচালক জসিম উদ্দিনের বসতঘর থেকে স্বর্ণের গলার হার, কানের দুল ও দুটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর বড়লেখা থানায় মামলা করা হয়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড়লেখার দোহালিয়া গ্রামের জিল্লুর মিয়া (২৬), আরেঙ্গাবাদ গ্রামের মনির হোসেন (৩৩), পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদ (৪৪), দোহালিয়া গ্রামের পারভেজ আহমদ (২৭), জুড়ীর হরিরামপুর গ্রামের সুমন আহমদ (৩৮) এবং সিলেটের জগন্নাথপুরের গয়াসপুর গ্রামের সাইদুর রহমান (২৩)।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। বড়লেখা ও জুড়ী ছাড়াও সিলেট মহানগরীর লালদিঘিরপাড় এলাকার একটি জুয়েলার্সে অভিযান চালিয়ে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন ২ ভরি ১১ আনা ৯ পয়েন্ট। উদ্ধার করা মালামাল বাদী শনাক্ত করেছেন। গ্রেপ্তার ছয়জনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেছেন, চুরির ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *