শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। পরিবার-পরিজন নিয়ে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে। তবে শ্রীমঙ্গল শহরের যানজটে পড়ে পর্যটকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।

মঙ্গলবার ও বুধবার সরেজমিনে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে পর্যটকদের বিপুল উপস্থিতি দেখা গেছে। কেউ ব্যক্তিগত গাড়িতে, আবার কেউ দলবেঁধে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন। জেলার অন্যান্য বিনোদনকেন্দ্রেও পর্যটকদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

মৌলভীবাজারের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে রয়েছে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, বাইক্কা বিল, হাকালুকি হাওর, মণিপুরী পল্লী, মনু ব্যারেজ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, ডিনস্টন সিমেট্রি, চা-কন্যা ভাস্কর্য, নীলকণ্ঠ টি কেবিন ও সীতেশ বাবুর চিড়িয়াখানা। সবুজ চা-বাগান আর পাহাড়ি প্রকৃতির টানেও পর্যটকদের আগ্রহ ছিল দেখার মতো।

পর্যটন ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহার পর প্রায় চার মাস মন্দা গেছে। পূজার এ ছুটিতে আবার পর্যটকদের আগমন বেড়েছে। জেলায় প্রায় ১০ হাজার পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন খাতের ওপর নির্ভরশীল। পর্যটক বাড়ায় এসব ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে।

ঢাকা থেকে আসা পর্যটক আবিদ চৌধুরী জানান, লাউয়াছড়া উদ্যানের রূপ অনন্য। তবে একটি পর্যটনকেন্দ্র থেকে অন্যটিতে যাওয়ার সড়কগুলোর অবস্থা বেশ নাজুক।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন চৌধুরী জানান, পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *