সুনামগঞ্জের দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিতের ঘটনার পর এবার একটি গ্রামে গানের অনুষ্ঠান আয়োজন নিয়ে আপত্তি উঠেছে। অনুষ্ঠান বন্ধের দাবিতে থানায় লিখিত আবেদন করেছেন স্থানীয় দুই বাসিন্দা। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর গান-বাজনা না করার আশ্বাস দিয়েছেন আয়োজকেরা। এতে বিষয়টির সমাধান হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের কাছে আবেদনটি জমা দেন আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু। তাঁরা গ্রামবাসীর পক্ষে কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে গানের অনুষ্ঠান বন্ধ বা স্থগিতের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
আবেদনে উল্লেখ করা হয়, হাতিয়া গ্রামটি দীর্ঘদিন ধরে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্যের জন্য পরিচিত। সেখানে একটি আলিম মাদ্রাসা, একজন আল্লাহর ওলির মাজার এবং অনেক আলেম-ওলামার বসবাস রয়েছে। এমন পরিবেশে গানের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করেন আবেদনকারীরা।
তাঁদের অভিযোগ, আয়োজকদের প্রচার অনুযায়ী, অনুষ্ঠানে নারী শিল্পীদের দিয়ে গান পরিবেশনের পরিকল্পনা ছিল। অনুষ্ঠানটি হলে উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। গ্রামের ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আবেদনকারীরা।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, আবেদন পাওয়ার পর পুলিশ আয়োজকদের সঙ্গে কথা বলে। তাঁরা গান-বাজনা করবেন না বলে আশ্বাস দিয়েছেন। এ কারণে বিষয়টির সমাধান হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচও স্থানীয় একটি পক্ষের আপত্তির মুখে স্থগিত করা হয়। দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল।
আয়োজক স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়ার ভাষ্য অনুযায়ী, খেলার আগের রাতে কয়েকজন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ম্যাচটি বন্ধের দাবি জানান। পরে ইউএনওর সঙ্গে আলোচনার পর ম্যাচ স্থগিত করা হয়।
রাকিব আহমেদ বলেন, দিরাই পৌর এলাকার চণ্ডীপুরের বাসিন্দা মাওলানা শরিফ উদ্দিনসহ কয়েকজন খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানিয়েছিলেন। ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার পর তাঁরা এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। পরে প্রশাসনের নির্দেশে ম্যাচটি স্থগিত রাখতে হয়।
