সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রাম ও সিলেট সদর উপজেলার খাদিমনগর চৌমুহনী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর ১টায় গোলাপগঞ্জের ধারাবহর গ্রামে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। এ সময় টিলা কেটে ঘর নির্মাণের প্রমাণ পেয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বিকেল ৩টায় খাদিমনগর চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী। সেখানে পরিবেশ সংরক্ষণ আইনে টিলা কাটার দায়ে অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ও শাহপরাণ (রহ.) থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ বিধ্বংসী টিলা কাটা ও অবৈধ দখলের সাথে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *