বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ (২৫) ও আসিফ (২৬)। সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তিনি কাজীপাড়া এলাকার আবু বকরের ছেলে। আসিফ রংপুর সদর উপজেলার হরকলি চৌপাড়া এলাকার মোমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, শনিবার সকালে রংপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেসের একটি বাস বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ ও আসিফের মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *