অস্ট্রেলিয়া প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গঠিত হয়েছে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (এবিজেএ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মাদ আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
নবগঠিত ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মাদ রেজাউল হক, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, সাংগঠনিক সম্পাদক পদে হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে দিলারা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুহৃদ সোহান হক, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক পদে আসিফ ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসাবে এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মাদ জসীম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এর আগে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে এবং আকিদুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয় এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ফয়সাল আহমেদ এবং আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ দিলারা জাহান।
এদিকে, নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচন কর্মকর্তা হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন এএইচএম মাসুম বিল্লাহ।
এছাড়া সভায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, কাউন্সিলর, ব্যবসায়ী নেতা, আইনজীবী, সাংবাদিক ও জ্যেষ্ঠ কমিউনিটি নেতারা।
বক্তারা প্রবাসে দায়িত্বশীল সাংবাদিকতা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
