সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় একই ধরনের আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৯০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে সমন্বিত যৌথ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের মোট ১৩ হাজার ৯০৫টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে: আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৫৫৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩ হাজার ৮৬৫ জন, শ্রম আইন লঙ্ঘনে ৩ হাজার ৪৮৬ জন। এ ছাড়া অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৮৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। একইভাবে অনুমোদনহীন সীমান্তপথে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে আরও ২২ জনকে।

অন্যদিকে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, নিয়োগ প্রদান কিংবা তাদের পরিচয় গোপন রাখতে সহযোগিতা করার অভিযোগে আরও ২১ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে দেশটিতে বিভিন্ন আইন লঙ্ঘনের ঘটনায় ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২০ হাজার ২৫২ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্ট) সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৬ হাজার ৫৫৫ জনকে চূড়ান্তভাবে দেশে পাঠানোর জন্য বিমান টিকিট বুকিংসহ ভ্রমণপ্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *