সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা থামছেই না। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে লক্ষণ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের ছাতক উপজেলার ৯ মাস বয়সী এক শিশু মারা যায়। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।

জেলাভিত্তিক মৃত্যু পরিসংখ্যানে জানা যায়, এ পর্যন্ত সিলেট জেলায় সর্বোচ্চ ৮৩ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১ হাজার ১১৫ জন। এর মধ্যে জেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *