একটি বক্তব্যকে ঘিরে পদ হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া স্লোগান নিয়ে মন্তব্য করার জেরে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। সেখানে বলা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা সাথে সাথেই কার্যকর হবে।
জানা গেছে, গত ১ নভেম্বর রাজধানীতে ‘এক রুট, এক কোম্পানি’ কর্মসূচির আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস সার্ভিসের উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন মসিউর রহমান। ওই মঞ্চে তিনি প্রধানমন্ত্রীর দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানটির প্রসঙ্গ টানেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি ‘আমার আগে আমরা, সবার আগে দেশ’ এই ভাবনার কথা তুলে ধরেন। এরপর প্রধানমন্ত্রীর স্লোগানটিকে শাশ্বত বাণী ও হাদিসের সাথে মিলিয়ে কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, একই কথা কোনো হুজুর বললে সেটা হাদিস হয়ে যেত। কিন্তু তার মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, তাই তার কথাটি হাদিস হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এরপরই তাকে ডিটিসিএ’র নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসে।
