মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির টহল দলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা এক রাউন্ড সতর্কতামূলক ফায়ার করেন।

বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে ৮ নভেম্বর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে কুলাউড়া উপজেলার দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাইমের ঘাট নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।

অভিযান চলাকালে আনুমানিক ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ চোরাকারবারি বিজিবির টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় টহল দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা এক রাউন্ড সতর্কতামূলক ফায়ার করতে বাধ্য হন। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা অভিযান অব্যাহত রেখে ঘটনাস্থল থেকে অবৈধ সিগারেটগুলো উদ্ধার করেন।

উদ্ধারকৃত সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি হামলায় জড়িত ও পলাতক চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *