শাবিপ্রবি প্রতিনিধি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, বিশৃঙ্খলা ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।
সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের শাহপরাণ হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে (মেইন গেট) গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা ছাত্রলীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহ-সভাপতি মুহাম্মদ সোহাগ এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে রাহাত জামান বলেন, “আমরা ক্যাম্পাসে পেশিশক্তি ও ত্রাসের বদলে মেধা ও মননশীল রাজনীতির চর্চা দেখতে চাই। নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, শাবিপ্রবি ছাত্রদল যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় ছাত্রদল সবসময় ঢাল হয়ে পাশে থাকবে।”
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী। দেশের কোনো শিক্ষাঙ্গনে তাদের কোনো ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে সন্ত্রাসীদের যেকোনো চক্রান্ত রাজপথে প্রতিহত করা হবে।”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ককটেল ফাটিয়ে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে ছাত্রলীগের ক্যাডাররা। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর এই অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। একই সঙ্গে শিক্ষাঙ্গনে ককটেল বিস্ফোরণ ও নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতা-কর্মীরা।
