‘একদিন মহামান্য হবেন’—মির্জা ফখরুলকে বলা সেই কথার স্মৃতি রিয়াসাদের

‘একদিন মহামান্য হবেন’—মির্জা ফখরুলকে বলা সেই কথার স্মৃতি রিয়াসাদের

‘ছবি দিয়ে কী হবে রে ব্যাটা?’—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলা এই কথাটি এখনো কানে বাজে ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনানের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে সিলেটে কাটানো একটি দিনের স্মৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি লেখা দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও আইনজীবী ব‌্যা‌রিস্টার রিয়াসাদ আজিম আদনান।

লেখায় রিয়াসাদ আজিম আদনান জানান, তারেক রহমানের সফরসঙ্গী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষবার সিলেটে এলে কয়েক দিন তাঁকে নিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছিল তাঁর। সিলেট নগরের আম্বরখানায় যানজটে গাড়ি আটকে থাকাকালে তিনি মির্জা ফখরুলের একটি ছবি তুলতে চেয়েছিলেন। তখন মির্জা ফখরুল তাঁকে বলেছিলেন, “ছবি দিয়ে কী হবে রে ব্যাটা?”

জবাবে রিয়াসাদ তাঁকে বলেছিলেন, “স্যার, আজই শেষ আপনাকে এভাবে পাশে বসিয়ে সিলেট ঘুরার। পরেরবার যখন আসবেন, আপনি মহামান্য হয়ে আসবেন। তখন তো আর এভাবে আপনার কাছে যেতে পারব না। দূরে দাঁড়িয়ে আপনাকে দেখে হাত নাড়ব।”

স্মৃতিচারণ করতে গিয়ে রিয়াসাদ লিখেছেন, তাঁর কথা শুনে মির্জা ফখরুল স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে উঠেছিলেন। সেই হাসিকে তিনি ‘শুভ্র ও সুন্দর’ বলে উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে রিয়াসাদ আরও লিখেছেন, মির্জা ফখরুলের সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। সদ্য বিলেতফেরত অবস্থায় বাবার হাত ধরে প্রথমবার তাঁর উত্তরার বাসায় গিয়েছিলেন। তখন বাংলাদেশের রাজনীতি নিয়ে তাঁর মনে অনেক সন্দেহ ও সংশয় ছিল। প্রথম দেখাতেই মির্জা ফখরুলের ভদ্রতা ও বিনয় তাঁকে মুগ্ধ করেছিল।

পরে তাঁর বাবা প্রয়াত এম এ হক মারা যাওয়ার পর রাজনীতিতে নিজেকে অনেকটা অভিভাবকহীন মনে হয়েছিল বলে লেখায় উল্লেখ করেন রিয়াসাদ। তাঁর ভাষায়, রাজনীতির কঠিন সময়ে বহুবার মনে হয়েছে আর হয়তো পারা সম্ভব নয়। সেই সময়গুলোতে মির্জা ফখরুল কোনো না কোনোভাবে পাশে দাঁড়িয়েছেন এবং সাহস জুগিয়েছেন।

রিয়াসাদ লিখেছেন, “‘আমরা তো বেঁচে আছি’—এর মতো ছোট সাধারণ একটা কথা কিংবা কাঁধে রাখা স্নেহের হাত কতখানি যে সাহস জুগিয়েছে! আহা, ভাবলেই চোখের কোণ ভিজে ওঠে।”

তিনি আরও লিখেছেন, “বাবার শূন্যস্থান কেউ পূরণ করতে পারে না। কিন্তু পিতৃহারা একটা ছেলে যখন রাজনীতির বিশাল, কঠিন মাঠে একা হয়ে যায়, তখন কিছু মানুষকে আল্লাহ হয়তো তার জীবনে রেখে দেন, যাতে সে পুরোপুরি অভিভাবকহীন হয়ে না পড়ে। আমার জীবনে স্যার তেমনই একজন মানুষ।”

লেখার শেষ দিকে আম্বরখানার সেই দিনের ছবির প্রসঙ্গ টেনে রিয়াসাদ বলেন, ছবিটি তাঁর কাছে শুধু একটি ছবি নয়; এটি তাঁর জীবনের একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে।

তিনি লিখেছেন, “এই ছবিটা থেকে যাবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে মনে করিয়ে দেবে, একদিন মহামান্য রাষ্ট্রপতি হওয়ার আগে, আপনি আমার পাশে বসেছিলেন খুব আপন একজন মানুষ হয়ে।”

রিয়াসাদ আজিম আদনান সিলেটের প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা এম এ হকের ছেলে। তিনি সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও আইনজীবী।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮