স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে সিলেট আসছেন সালাহউদ্দিন আহমদ। আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাঁর সফরে সীমান্ত নিরাপত্তা, আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক কর্মসূচি রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে যাবেন।
সেখানে দুপুর ১২টা ১০ মিনিটে ‘শিমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (SSSDW) উদ্বোধন করবেন তিনি। পরে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও ড্রোন প্রদর্শনীতে অংশ নেবেন।
দুপুর ১টা ২০ মিনিটে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ শেষে বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেবেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন সালাহউদ্দিন আহমদ।
সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা থাকার কথা রয়েছে।



